ইরানের সঙ্গে আলোচনা নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি। সাংবাদিক বারাক রাভিদের বরাতে এ তথ্য জানিয়েছে জিওপলিটিকস ওয়াচ। তাদের পোস্ট অনুযায়ী, বৈঠকে একজন উপদেষ্টাও অংশ নেন।ওয়াশিংটন ও তেহরানকে আলোচনায় ফেরাতে মধ্যস্থতা করছে দোহা। সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র–কাতার কৌশলগত সংলাপের উদ্বোধনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গেও বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে কাতারের মধ্যস্থতার প্রশংসা করেন রুবিও।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান অচলাবস্থার অবসান দরকার। তাঁর প্রশ্ন, কী পদক্ষেপে এই অবস্থার অবসান হবে, আর সেই উদ্যোগ নেবে কে?
ইরানি সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও কয়েক সপ্তাহ আগে সতর্ক করেছিলেন যে এ পরিস্থিতি অনির্দিষ্টকাল চলতে পারে না।
ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন মোসাদপ্রধান রোমান গোফম্যান। সংস্থার কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিশ্লেষক হামলার সময় নির্বাচন এবং ভোটে তার সম্ভাব্য প্রভাব নিয়ে আপত্তি তোলেন।
হারেৎজের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচনের আগে ওই পরিকল্পনা কার্যকর হয়নি। মোসাদ তাদের অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
যুদ্ধসংক্রান্ত ক্ষয়ক্ষতির জন্য যুক্তরাষ্ট্রকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের আদালত। সোমবার ইরানের বিচার বিভাগের কর্মকর্তা হাসান আবদালিয়ান পুর এ কথা জানান।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষতিপূরণের দাবিতে কয়েক দশক আগের মার্কিন কর্মকাণ্ডও অন্তর্ভুক্ত।
ইরানের পক্ষে বিদেশে অর্থ লেনদেনে সহায়তার অভিযোগে মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, মধ্যস্থতাকারী কোম্পানি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ২৩ নভেম্বর মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর এই পদক্ষেপের লক্ষ্য ইরানের রপ্তানি আয় বৈদেশিক মুদ্রায় দেশে ফেরানোর নেটওয়ার্ক।
মার্কিন আর্থিক গোয়েন্দা সংস্থা ফিনসেন বলেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রায় ১,৪৭০ কোটি ডলারের এমন লেনদেন তারা শনাক্ত করেছে, যার সঙ্গে ইরানের অপ্রচলিত ব্যাংকিং নেটওয়ার্কের যোগ থাকতে পারে। মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর জমা দেওয়া সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন বিশ্লেষণ করে এই হিসাব দিয়েছে সংস্থাটি।